১৮ মে, ২০২৬
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় বিষপানে জিন্নাত আরা বেগম (২৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত শুক্রবার উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়া ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জিন্নাত আরা একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কবিরপাড়া গ্রামের নাজের হোছাইনের মেয়ে।
নিহতের পরিবার জানায়, জিন্নাত আরা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। কয়েক বছর আগে রহিম উল্লাহ নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই যুবক অন্যত্র বিয়ে করছেন—এমন খবর পেয়ে জিন্নাত আরা তার বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানান।
নিহতের বাবা নাজের হোছাইন অভিযোগ করেন, সেখানে অপমানিত হয়ে তার মেয়ে বিষপান করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, বিষপানে জিন্নাত আরা বেগম নামে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।