পানি সম্পদমন্ত্রীর আগমনে নদীভাঙন রোধে মানববন্ধন

১৮ মে, ২০২৬

পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির আগমনকে কেন্দ্র করে নোয়াখালীর মেঘনা নদীর ভাঙন প্রতিরোধ ও ব্লক নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সেলিম বাজার এলাকায় স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বর্ষা মৌসুম শুরুর আগেই জরুরি ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নিতে হবে। তারা অভিযোগ করেন, সুবর্ণচরের কাটাখালি ঘাট এলাকা থেকে ইতোমধ্যে অন্তত ১০ কিলোমিটার এলাকা মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।

এছাড়া হাতিয়ার ভূমিহীন বাজার এলাকায় শতশত একর আবাদি জমি ও বহু বাড়িঘর নদীগর্ভে তলিয়ে গেছে। বর্তমানে ভূমিহীন বাজারও ভয়াবহ ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এতে হাজার হাজার মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

সমাবেশ থেকে বক্তারা মেঘনা নদীর তীর রক্ষায় দ্রুত ব্লক নির্মাণসহ স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে পানি সম্পদমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।