১৮ মে, ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন বাসাবাড়িতে অভিযান চালিয়ে পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় সুতার কোন তৈরির দুটি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলামের নেতৃত্বে রোববার (১৭ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল, চেয়ারম্যান অফিস ও উত্তর শান্তিনগর এলাকায় চারটি স্থানে এই অভিযান চালানো হয়।
এ সময় গোদনাইল এলাকায় দুই হাজার বাড়ির ৪,২০০টি এবং উত্তর শান্তিনগর এলাকায় ২০০ বাড়ির ৮০০টি অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রায় ৫ কিলোমিটার বিস্তৃত দুই হাজার ২০০ বাড়ির ৫ হাজার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার পর সেখান থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার।
পরে উত্তর শান্তিনগর এলাকায় সুতার কোন তৈরির দুটি কারখানার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে একটি কারখানাকে এক লাখ টাকা এবং অপর কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে উপস্থিত ছিলেন: তিতাসের নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ, রাজস্ব শাখার ব্যবস্থাপক পার্থ বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
অভিযান শেষে তিতাসের নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ বলেন, ‘অবৈধভাবে গ্যাসের সংযোগ স্থাপন ও ব্যবহার বন্ধে আমরা দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমরা যেখানে অবৈধ সংযোগের খবর পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছি। আমরা নিয়মিত মামলাসহ অভিযুক্তদের হাতেনাতে পেলে জেল জরিমানাও করছি। আমাদের এ অভিযান চলমান থাকবে।’