১৮ মে, ২০২৬
পর্তুগিজ কোচ হোসে মোরিনহো জানিয়েছেন, স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চলছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বর্তমানে বেনফিকার দায়িত্বে থাকা ৬৩ বছর বয়সী মোরিনহো আগামী মৌসুমে রিয়ালের কোচ হওয়ার দৌড়ে আলোচিত নাম। বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার নাম রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
শনিবার সংবাদ সম্মেলনে মোরিনহো বলেন, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি। তবে তার প্রতিনিধি হোর্হে মেন্দেস ক্লাবটির সঙ্গে যোগাযোগ রাখছেন।
মোরিনহো বলেন, ‘আমার ভবিষ্যৎ সম্ভবত এই সপ্তাহেই ঠিক হয়ে যাবে। বেনফিকার কাছ থেকে নতুন চুক্তির প্রস্তাব পেয়েছি। রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাইনি। তবে কিছু একটা হচ্ছে, সেটা অস্বীকার করার উপায় নেই।’
তিনি আরও বলেন, সিদ্ধান্ত নেওয়ার জন্য তার কিছু সময় ও ব্যক্তিগত পরিসর প্রয়োজন। এই সপ্তাহটি তার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।
২০২৭ সালের জুন পর্যন্ত বেনফিকার সঙ্গে চুক্তি রয়েছে মোরিনহোর। তবে চুক্তির একটি ধারায় মৌসুম শেষে দুই পক্ষ চাইলে সম্পর্ক শেষ করতে পারবে।
বেনফিকাকে নিয়ে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন এই কোচ। তিনি বলেন, ‘বেনফিকা বিশাল এক ক্লাব। এখানে আসার প্রথম দিন থেকেই আমি গর্ব আর দায়িত্ববোধ অনুভব করেছি।’
এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন মোরিনহো। তার অধীনে ক্লাবটি লা লিগা ও কোপা দেল রে জিতেছিল। আবারও রিয়ালে ফিরলে সেটি হবে তার দ্বিতীয় অধ্যায়।
রিয়ালের প্রস্তাব এলে ফিরবেন কি না এমন প্রশ্নে অবশ্য রহস্যই ধরে রেখেছেন মোরিনহো। তার সংক্ষিপ্ত উত্তর ছিল, ‘যদি, যদি, যদি...।’
শনিবার মৌসুমের শেষ ম্যাচে এস্তোরিলকে ৩-১ গোলে হারিয়ে লিগ শেষ করেছে বেনফিকা। পুরো মৌসুমে অপরাজিত থাকলেও ১১টি ড্রয়ের কারণে তারা তৃতীয় স্থানে থেকে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার সরাসরি টিকিট হারিয়েছে।
মৌসুমজুড়ে অপরাজিত থাকার অর্জনকে বিশেষ বলেই মনে করছেন মোরিনহো। তিনি বলেন, ‘এটা আমার ক্যারিয়ারে প্রথম। আটটি লিগ শিরোপা জিতলেও কখনো অপরাজিত থাকতে পারিনি। তারপরও এটা দলের মানসিকতা, ঐক্য ও পারস্পরিক বোঝাপড়ার প্রতিফলন।’
গত সেপ্টেম্বরে তুরস্কের ক্লাব ফেনারবাখে ছাড়ার পর বেনফিকার দায়িত্ব নেন মোরিনহো। এখন দেখার বিষয়, আগামী মৌসুমে তিনি বেনফিকাতেই থাকছেন, নাকি আবারও ফিরছেন ইউরোপের অন্যতম বড় ক্লাব রিয়াল মাদ্রিদে।