কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৮ মে, ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। 

রবিবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের তেলিপাড়া মৌজায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।

অভিযান চলাকালে ঘটনাস্থলের অদূরে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে জমির আংশিক মালিক বলে পরিচয় দেন। তিনি জানান, তার সম্মতিতেই কৃষিজমি থেকে মাটি কাটার কাজ চলছিল। তবে এভাবে কৃষিজমির মাটি কাটা আইনত দণ্ডনীয়- এ বিষয়ে তিনি অবগত ছিলেন না বলেও উল্লেখ করেন।

পরে ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) বিকল করে দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধ করা হয়। 

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি কাটা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।