১৮ মে, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এবার নারী শিক্ষার্থীকে উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি, উত্যক্ত করাসহ পৃথক ৩ ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা তাদেরকে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ।
তিনি বলেন, ক্যাম্পাসের ইসলামনগর গেট এলাকায় নারী শিক্ষার্থীকে উত্যক্ত ও অশালীন কথা বলার অভিযোগে ১ জন এবং নতুন কলাভবন এলাকায় নারী শিক্ষার্থীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগে ১ জনকে আটক করা হয়েছে।
এ ছাড়া ওইদিন সন্ধ্যায় প্রক্টর অফিসের সামনে আন্দোলনরত নারী শিক্ষার্থীদের অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগে ক্যাম্পাসের এক দোকান কর্মচারীকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এ ঘটনায় এবং ক্যাম্পাসে সম্প্রতি ধর্ষণ চেষ্টার ঘটনায় জড়িতের শাস্তিসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। ওইদিন রাত সাড়ে ১১ টায় শুরু হওয়া এ মিছিল ক্যাম্পাসে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বটতলায় গিয়ে অবস্থান নেয়।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, নারী শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতরা অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে সে ঘটনায় জড়িতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া, ধর্ষণ চেষ্টার ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।