আমিরাতকে সতর্ক করলো ইরান

১৮ মে, ২০২৬

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর না করতে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। তেহরান বলেছে, বন্ধুত্বের দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি, তবে ইরানের ধৈর্যের সীমা রয়েছে।

ইরানের সাবেক আইআরজিসি কমান্ডার এবং এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বলেন, আমরা আমিরাতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্বের দরজা বন্ধ করিনি। কিন্তু তাদের বুঝতে হবে, ইরানের ধৈর্যেরও সীমা আছে।

তিনি আরও বলেন, আমরা জানি আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক ও বিভিন্ন ধরনের সহযোগিতা রয়েছে। আমিরাতের উচিত হবে না ইসরায়েলের ষড়যন্ত্র ও পরিকল্পনার ফাঁদে জড়িয়ে পড়া।

সম্প্রতি ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত চলাকালে ইউএই ইরানের অন্যতম বড় লক্ষ্যবস্তুতে পরিণত হয়। যুদ্ধের সময় ইরানের হামলার সবচেয়ে বেশি চাপের মুখে পড়া দেশগুলোর মধ্যে ছিল আমিরাত।

এদিকে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায়ও আমিরাত জড়িত থাকতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই স্পষ্ট অবস্থান দেয়নি।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের সঙ্গে ইউএই’র সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধি এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে আমিরাতের অবস্থান তেহরানের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

সূত্র: আল-জাজিরা