মেক্সিকোতে বাসভবনে ঢুকে গুলি করে শিশুসহ ১০ জনকে হত্যা

১৮ মে, ২০২৬

মেক্সিকোর পুয়েবলা রাজ্যের তেহুইৎসিঙ্গো শহরে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বাসভবনে ঢুকে সশস্ত্র দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

এই ঘটনার পর বিশ্বকাপের আগে মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে বড় প্রশ্ন উঠেছে।

পুয়েবলা রাজ্য সরকার সোমবার (১৮ মে) নিহতদের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী ও একজন নাবালক। তবে তদন্তের স্বার্থে কারো নাম প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, স্থানীয় সময় রবিবার (১৭ মে) ভোররাত প্রায় পৌনে ২টার দিকে প্রতিবেশীরা বিকট গুলির শব্দ শুনতে পান।

পরে এক স্থানীয় বাসিন্দার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বাড়ির ভেতর বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই এক নারীর মৃত্যু হয়। এই হামলার উদ্দেশ্য কী ছিল এবং কারা এর পেছনে জড়িত, তা এখনো স্পষ্ট নয়। সকাল পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ।

ঘটনার তদন্তে নেমেছে রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

মেক্সিকো দীর্ঘদিন ধরেই বিভিন্ন মাদক চক্র বা কার্টেলের অভ্যন্তরীণ সহিংসতায় জর্জরিত। গত ফেব্রুয়ারিতে কুখ্যাত ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেল’-এর শীর্ষ নেতা ‘নেমেসিও এল মেনচো ওসেগুয়েরা’ নিহত হওয়ার পর দেশটিতে নতুন করে সহিংসতার ঢেউ শুরু হয়। সমালোচকদের মতে, মেক্সিকোর আইন প্রয়োগকারী সংস্থার ভেতরের দুর্নীতিই এই অপরাধ নিয়ন্ত্রণে বড় বাধা। এই পরিস্থিতি নিয়ে মেক্সিকোর ওপর প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের চাপও বাড়ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রয়োজনে মেক্সিকোর মাটিতে একতরফা সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের এমন কোনো পদক্ষেপ মেক্সিকোর সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

যদিও অলাভজনক সংস্থা ইনসাইট ক্রাইম-এর তথ্য অনুযায়ী, বিগত ২০২৫ সালে মেক্সিকোতে হত্যাকাণ্ডের হার আগের বছরের তুলনায় প্রায় ১৯.৮ শতাংশ কমেছে। কিন্তু সমালোচকদের দাবি, দেশটিতে মানুষ গুম হওয়ার উচ্চ হারের কারণেই হত্যাকাণ্ডের এই পরিসংখ্যানটি পুরোপুরি বাস্তব চিত্র তুলে ধরছে না।

সূত্র : আল জাজিরা