এবার নায়িকার কান ছিঁড়ে দুল নিয়ে গেল ছিনতাকারী

১৮ মে, ২০২৬

রাজধানীর রামপুরায় ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন ঢাকাই সিনেমার আশির দশকের অভিনেত্রী রঞ্জিতা কনা। ছিনতাইকারী তার কানের দুল টেনে ছিনিয়ে নেওয়ার সময় কান ছিঁড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা তার কানে সাতটি সেলাই দিয়েছেন।

রোববার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে গিয়েছিলেন রঞ্জিতা। দীর্ঘদিন পর সহশিল্পীদের সঙ্গে আড্ডা ও নির্বাচনী পরিবেশ উপভোগ শেষে রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরছিলেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, রামপুরা বাজার এলাকার একটি গলি দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি তার কানের দুল টেনে নিয়ে পালিয়ে যায়। এতে কানের একটি অংশ ছিঁড়ে যায় এবং রক্তপাত শুরু হয়।

ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় রঞ্জিতা উল্লেখ করেন, “শিল্পী সমিতির নির্বাচন আমাদের কাছে সব সময় উৎসবমুখর। সেটা দেখার জন্য আমি এফডিসিতে গিয়েছিলাম। রাতের দিকে বাসায় ফেরার সময় হঠাৎ কেউ আমাকে অনুসরণ করছিল। কিছু বুঝে ওঠার আগেই সেই ছিনতাইকারী আমার কানের দুল ধরে টান দেয়।”

এই অভিনেত্রী বলছেন,  “আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। পরে চিৎকার করি। তখন দেখি কান থেকে রক্ত ঝরছে। আমার কানে দুল নেই। ছিনতাইকারী দুল টান দেওয়ায় কানটা ছিঁড়ে গেছে। আমার কান দুই ভাগ হয়ে গেছে।”

ঘটনার পর সহায়তার জন্য শিল্পী সমিতির কয়েকজন সদস্যকে ফোন দেন রঞ্জিতা। পরে অভিনেতা জয় চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে যান।

জয় চৌধুরী বলছেন, “রাতে হঠাৎ দেখি রঞ্জিতা আপুর মোবাইল ফোন থেকে তিনটি কল ও একটি এসএমএস এসেছে। সেখানে জরুরি লেখা ছিল। পরে ফোন করে তার অবস্থা জানতে পারি। সঙ্গে সঙ্গে হাসপাতালে যাই। তখনও রক্তপাত বন্ধ হয়নি। চিকিৎসকদের পরামর্শে কানে সেলাই দেওয়া হয়। তার সুস্থতার জন্য সবার দোয়া চাই।”