১৮ মে, ২০২৬
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামের ট্রলিচালক ওয়াসিম বেপারীকে (২৬) কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমাো এবং অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মো. কামাল হোসাইন এই রায় দেন।
হত্যার শিকার ওয়াসিম উপজেলার শিকিরচর গ্রামের বেপারী বাড়ির মৃত সাহেব আলী বেপারীর ছেলে।
তিনি পেশায় ট্রলিচালক ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আরিফ হোসেন একই বাড়ির তৈয়ব আলী বেপারীর ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, মিজানুর রহমান ওরফে বালু মিজান পরিবারের সঙ্গে হত্যার শিকার ওয়াসিম পরিবারের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। সেই জেরে ২০২০ সালের ২৯ জুন রাতে মিজানুর রহমান ফোন করে ওয়াসিমকে ঘর থেকে ডেকে নেয়।
পরে রাতের কোনো একসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন সকালে তার মরদেহের সন্ধান পায় পরিবার। এ ঘটনায় মতলব উত্তর থানায় ওয়াসিমের মা জাহানারা বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।
মামলাটির তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় তৎকালীন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়ালকে।
তিনি মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩১ মে আদালতে চার্জশীট দাখিল করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন বলেন, মামলাটি আদালতে চলমান অবস্থায় ২৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য, প্রমাণ, মামলার নথিপত্র পর্যালোচনা ও আসামি তার অপরাধ স্বীকার করায় বিচারক এই রায় দেন। অন্য আসামিদের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।