১৮ মে, ২০২৬
গেল বছর কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’ গান দিয়ে শেষ হয় কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। তার ছয় মাস পর জানা গেল চতুর্থ সিজন নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা। এরইমধ্যে একটি গানের দৃশ্যধারণের ছবিও প্রকাশ পেয়েছে গণমাধ্যমে।
সংবাদমাধ্যমকে একটি সূত্র জানিয়েছে, গেল ১৪ মে ও ১৫ মে ঢাকায় একটি গানের দৃশ্য ধারণ করা হয়েছে। বাকি গানেরও শুটিং করা হবে ধীরে ধীরে।
তবে প্রথমে কী গান আসবে কিংবা কারা গাইছেন সে গান সে বিষয়ে কিছু জানা যায়নি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে নিশ্চিত করেছে সূত্রটি।
তৃতীয় সিজনের যাত্রা শুরু হয়েছিল ২০২৪-এর এপ্রিলে। সেসময় ‘তাতি’, ‘মালো মা’র পর ওয়ারফেজ ব্যান্ডের ‘অবাক ভালোবাসা’ গানটি প্রকাশ পায়। এরপর বছর খানেকের মতো কোনো গান আসেনি।
গেল বছরের ২৩ আগস্ট থেকে আসা শুরু করে তৃতীয় মৌসুমের গান। সিজনটি শেষ হয় রুনা লায়লার গানের মাধ্যমে। তাকে ট্রিবিউট করে প্রকাশ করা হয় ‘মাস্ত কালান্দার’ গানটি।