১৮ মে, ২০২৬
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে সুয়াইব আহম্মেদ সৌমিক (২৫) নামে এক অনলাইন জুয়াড়িকে আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার চাঁদবিল এলাকার কোলার মোড়ে অবস্থিত ‘আসলাম অটোস’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সুয়াইব আহম্মেদ সৌমিক মেহেরপুর শহরের চাঁদবিল ঈদগাহপাড়া এলাকার বাসিন্দা। সোমবার দুপুর ১টার দিকে মেহেরপুর পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. বায়েজিদ ডালিমসহ চারজন অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর আওতায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
পরে গ্রেফতার হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার বিকেলে আবারও অভিযান চালানো হয়। অভিযানে চাঁদবিল এলাকার কোলার মোড় থেকে সুয়াইব আহম্মেদ সৌমিককে একটি আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আটক করা হয়।
পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মেহেরপুরে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে