১৮ মে, ২০২৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— লক্ষীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩) এবং মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
জানা যায়, ইয়াছিন আলীর সঙ্গে তার চাচা রেজাউলের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে রেজাউলের ছেলে রাহাত ধারালো চাকু দিয়ে ইয়াছিন আলীকে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই ইয়াছিন আলীর মৃত্যু হয়।
অপরদিকে সংঘর্ষে আহত সুমন মোল্লাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ রাহাত মণ্ডলকে গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত রাহাত নিহতদের আপন চাচাতো ভাই। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে