ফের বাড়ল ফার্নেস অয়েলের দাম

১৯ মে, ২০২৬

দেশে আবারও ফার্নেস অয়েলের দাম বাড়ালো জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য রাত ১২টা থেকেই কার্যকর হবে।

সোমবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কমিশন। সংস্থাটি বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তনের বিষয় বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১২ এপ্রিল ফার্নেস অয়েলের দাম লিটারে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল। তখন এর আগের মূল্য ছিল ৭০ টাকা ১০ পয়সা।

কমিশন জানায়, ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের আন্তর্জাতিক বাজারদর এবং ডলারের বিনিময় হারের পরিবর্তন বিশ্লেষণ করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। 

এ বিষয়ে গঠিত বিশেষ কমিটির সুপারিশের ভিত্তিতে ১৮ মে অনুষ্ঠিত কমিশনের বিশেষ সভায় নতুন দাম অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে আমদানি করা ফার্নেস অয়েলের বড় একটি অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। ফলে এই মূল্যবৃদ্ধি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় বাড়তে পারে। যার প্রভাব ভবিষ্যতে বিদ্যুতের দামে পড়ারও আশঙ্কা রয়েছে।