এবার জনপ্রিয় গায়িকা সনিকা হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

১৯ মে, ২০২৬

দেশের জনপ্রিয় ডিজে ও গায়িকা সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন সনিকা। হাসপাতালে শুয়ে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর।” সঙ্গে একটি সাদা হৃদয়ের ইমোজিও যোগ করেন।

তার অসুস্থতার খবর প্রকাশের পর ভক্ত, অনুরাগী এবং সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন।

সনিকা ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীত জগতে পা রাখেন। অল্প সময়ের মধ্যে তিনি দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে তিনি আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ হিসেবে সম্মাননা পান। পরে তিনি গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালে তার প্রথম মিউজিক ভিডিও ‘ভল্লাগে’ প্রকাশ পায়।

অন্যদিকে, সংগীতের পাশাপাশি ছোটপর্দাতেও কাজ করেছেন সনিকা। ২০১৫ সালে তিনি অভিনয়ে নাম লেখান এবং ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা পান।