১৯ মে, ২০২৬
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) সকাল সোয়া দশটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এর আগে রাজধানী ঢাকা থেকে ভার্চুয়ালি দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফরিদপুরে উদ্বোধনের পর জেলা প্রশাসক মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের কোর্ট কম্পাউন্ডের সামনের সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। নামজারির ক্ষেত্রে সারাদেশে ফরিদপুর প্রথম স্থান অধিকার করেছে বলে এ সময় জানান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, জোনাল সেটেলমেন্ট অফিসার মো. নজরুল ইসলাম এবং ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র তাওহিদ আলম ওশান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে সরকার অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। এর ফলে সাধারণ মানুষ দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা কমে আসছে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। বর্তমানে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান অনলাইনের মাধ্যমে হওয়ায় মানুষ ঘরে বসেই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন।
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে একাধিক সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন ভূমি সেবা ও ভূমি বিষয়ক পরামর্শসহ নানা ধরনের সেবা প্রদান করা হচ্ছে। আগামী ২১ মে পর্যন্ত চলবে এই ভূমি সেবা মেলা।