শিক্ষা শুধু সনদপত্র নয়, এটি মূল্যবোধ ও চরিত্র গঠনের যাত্রা : মাহদী আমিন

১৯ মে, ২০২৬

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শিক্ষা কেবল একটি সনদপত্র অর্জনের মাধ্যম নয়; এটি এমন একটি দীর্ঘ যাত্রা-যা মানুষের মূল্যবোধ গঠন করে, চরিত্র তৈরি করে এবং দায়িত্বশীল বৈশ্বিক নাগরিকত্বে অনুপ্রাণিত করে।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে চলমান ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এ বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

লন্ডনে ফোরামের মূল অধিবেশনে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, ‘শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো শিক্ষাজীবন, কর্মজীবন এবং সামগ্রিক জীবনে সফল হওয়ার জন্য প্রতিটি ব্যক্তিকে জ্ঞান, দক্ষতা এবং প্রজ্ঞা দিয়ে ক্ষমতায়ন করা। বিপুল গণতান্ত্রিক জনরায়ের ওপর ভিত্তি করে বাংলাদেশকে রূপান্তরিত করতে এবং একটি সমৃদ্ধ, দক্ষ ও নীতিবান কর্মশক্তি গড়ে তুলতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

ফোরামের এই গুরুত্বপূর্ণ সেশনে বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ বিশ্বের শতাধিক দেশের শিক্ষা বিষয়ক মন্ত্রী এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

চার দিনব্যাপী এই আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি দল মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের বৈপ্লবিক পরিকল্পনা ও বৈশ্বিক অংশীদারিত্বের বিভিন্ন দিক তুলে ধরছেন।

সূত্র : বাসস