২০ মে, ২০২৬
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বালিবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে পাপড়ি রাণী রায় (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা পাঁচকল এলাকায় দেবীগঞ্জ-বোদা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নিহত পাপড়ি ওই এলাকার সেবেন্দ্রনাথ রায়ের মেয়ে। সে সোনাপোতা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সোনাপোতা পাঁচকল এলাকায় সড়কের পাশে ভুট্টা শুকানোর কাজ করছিলেন বাবা সেবেন্দ্রনাথ রায়। এ সময় তাকে খুঁজতে মেয়ে পাপড়ি সেখানে যায়। পরে রাস্তা পার হতে গিয়ে দেবীগঞ্জগামী একটি বালিবাহী ট্রাকের নিচে চাপা পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। সুরতহাল শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যান। পরে ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। এই দুর্ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।’