২০ মে, ২০২৬
ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্লে-অফ থেকে নাটকীয়ভাবে বহিষ্কার হলো সাউদাম্পটন। প্রতিপক্ষ দলের অনুশীলনে অবৈধভাবে নজরদারি বা ‘স্পাইং’ এর অভিযোগ স্বীকার করার পর মঙ্গলবার (১৯ মে) এই সিদ্ধান্ত নেয় ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ।
এর ফলে ওয়েম্বলিতে অনুষ্ঠিতব্য প্লে-অফ ফাইনালে পুনর্বহাল হয়েছে মিডলসব্রো। সেমিফাইনালে তারা সাউদাম্পটনের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল। আগামী শনিবার মিডলসব্রো শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে হাল সিটির। এই ম্যাচের জয়ী দল উঠবে ইংলিশ প্রিমিয়ার লিগে। অন্যদিকে স্পাইং কেলেঙ্কারিতে ইংল্যান্ডের সর্বোচ্চ লিগে খেলার সুযোগ হারালো সাউদাম্পটন।
ইএফএল কর্তৃপক্ষ জানায়, সাউদাম্পটন চলতি মৌসুমে একাধিকবার নিয়ম ভেঙেছে। এর মধ্যে রয়েছে অক্সফোর্ড ইউনাইটেড এবং ইপউইচ টাউনের বিপক্ষে ম্যাচের আগে গোপনে অনুশীলন পর্যবেক্ষণ।
প্রাথমিক অভিযোগ ছিল মিডলসব্রোর সেমিফাইনালের আগে তাদের অনুশীলন ক্যাম্পে অননুমোদিত ভিডিও ধারণ। সেই ম্যাচে জয়ী হয়ে ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল সাউদাম্পটন। পরবর্তীতে আরও তদন্তে অতিরিক্ত লঙ্ঘনের প্রমাণ মেলায় ক্লাবটিকে আগামী মৌসুমের জন্য চার পয়েন্ট শাস্তি দেয়া হয়েছে।
ইএফএল এক বিবৃতিতে জানায়, ক্লাবগুলোকে ‘সর্বোচ্চ সততা’ বজায় রাখতে হবে এবং প্রতিপক্ষের অনুশীলন ৭২ ঘণ্টার মধ্যে পর্যবেক্ষণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
শাস্তির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে সাউদাম্পটনের। বুধবার বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলবে বলে জানিয়েছে ইএফএল। তবে আপিলের ফলাফলের ওপর নির্ভর করে ফাইনাল ম্যাচে পরিবর্তন আসতে পারে।
এই প্লে-অফ ফাইনালকে বলা হয় বিশ্ব ফুটবলের সবচেয়ে দামী একক ম্যাচ। কারণ জয়ী দল ভবিষ্যতে অন্তত প্রায় ২৭০ মিলিয়ন ডলারের আর্থিক সুবিধা পায়। প্রিমিয়ার লিগে ওঠা মানে বিশাল সম্প্রচার চুক্তি, পূর্ণ স্টেডিয়াম দর্শক এবং বিশ্বের বড় ক্লাবগুলোর বিপক্ষে খেলার সুযোগ।
২০১৯ সালে একই ধরনের ঘটনায় লিডস ইউনাইটেডকে ডার্বি কাউন্টির অনুশীলন পর্যবেক্ষণের দায়ে জরিমানা করা হয়েছিল। তখন লিডসের কোচ মার্চেলো বিয়েলসা দায় স্বীকার করে বলেন, তিনি প্রতিপক্ষের অনুশীলন পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিলেন।
এছাড়া ২০২৪ প্যারিস অলিম্পিকে কানাডার নারী ফুটবল দলও একই ধরনের ড্রোন নজরদারির ঘটনায় শাস্তির মুখে পড়ে। সব মিলিয়ে সাউদাম্পটনের এই ঘটনা ইংলিশ ফুটবলে নৈতিকতা ও প্রতিযোগিতার মান নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলেছে।