আবার হামলা হলে নতুন অস্ত্রে জবাব দেবে ইরান, তেহরানের কড়া হুঁশিয়ারি

২০ মে, ২০২৬

ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তাহলে নতুন কৌশল ও নতুন অস্ত্র ব্যবহার করে নতুন ফ্রন্ট খোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী।

মঙ্গলবার (১৯ মে) দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, তেহরানের ভ্যালিয়াসর স্কয়ারে আয়োজিত এক জনসমাবেশে এ কথা বলেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া।

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অবরুদ্ধ করা বা পরাজিত করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র যদি আবারও নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে ইসরায়েলের ফাঁদে পা দেয় এবং ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসন চালায়, তাহলে ভিন্ন পদ্ধতি ও নতুন অস্ত্র দিয়ে তাদের মোকাবিলা করা হবে।

আক্রমিনিয়া আরও বলেন, যুদ্ধবিরতির সময়কালকেও ইরান যুদ্ধকালীন পরিস্থিতি হিসেবে বিবেচনা করছে। এই সময়কে সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তিনি দাবি করেন, হরমুজ প্রণালির ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং এই কৌশলগত নৌপথের পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরে যাবে না।

তার মতে, শত্রুপক্ষের সামনে একমাত্র পথ হলো ইরানি জাতির প্রতি সম্মান দেখানো এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের বৈধ অধিকার মেনে নেওয়া।

এদিকে তেহরান জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলের শুরু থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনো বহাল রয়েছে।

ইরান স্পষ্ট করে দিয়েছে, অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে না।

সূত্র
প্রেস টিভি