২০ মে, ২০২৬
দীর্ঘ দুই দশকের লম্বা ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। ইতোমধ্যেই ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। তবে লাল বলের ক্রিকেটে এখনও খেলছেন। আছেন দুর্দান্ত ফর্মেও। এমনকি পুরো দুই দশকের ক্যারিয়ারে যা করতে পারেননি, সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে সেটাই করে দেখালেন। প্রথমবারের মতো টেস্টে সিরিজসেরার পুরস্কার জিতলেন অভিজ্ঞ এই ব্যাটার।
২০০৫ সালে সাদা পোশাকে অভিষেক হয়েছিল মুশফিকের। এরপর পেরিয়ে গেছে ১০২ টেস্টের দীর্ঘ পথচলা। খেলেছেন শততম টেস্টও। কিন্তু এতদিন টেস্টে সিরিজসেরার স্বাদ পাননি। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।
দুই ম্যাচের সিরিজে ব্যাট হাতে ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা। এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ২৫৩ রান করে দলের সাফল্যে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। আর তাতেই প্রথমবারের মতো টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই ডানহাতি ব্যাটার।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে জয়ের মুহূর্তগুলোর সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মুশফিকের নাম। এখন পর্যন্ত বাংলাদেশের ২৭টি টেস্ট জয়ের মধ্যে ২৫টিতেই একাদশে ছিলেন তিনি। শুধু উপস্থিতিই নয়, জয় এনে দিতেও ছিল তার বড় ভূমিকা। জয়ী ম্যাচগুলোতে ৫৭ গড়ে করেছেন ২০৮৭ রান। আছে ৬টি সেঞ্চুরি ও ৮টি ফিফটির ঝলমলে পরিসংখ্যান।
ম্যাচসেরার তালিকাতেও সবার ওপরে মুশফিক। বাংলাদেশের জয়ে এখন পর্যন্ত ৭ বার ম্যাচসেরা হয়েছেন তিনি, যা দেশের ক্রিকেটে সর্বোচ্চ। তার পরেই আছেন সাকিব আল হাসান (৫), তামিম ইকবাল (৪) ও মেহেদী হাসান মিরাজ (৪)।
তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের জার্সিতে ৪৮০ ম্যাচ ও ১৮৫টি সিরিজ খেলেছেন মুশফিক। এত দীর্ঘ ক্যারিয়ারে এবার নিয়ে সপ্তমবার সিরিজসেরার পুরস্কার উঠল তার হাতে। এর আগে ওয়ানডেতে ৬ বার এই স্বীকৃতি পেয়েছিলেন তিনি। আর এবার টেস্টেও নাম লেখালেন সেরাদের তালিকায়।