২০ মে, ২০২৬
তুরস্কের ইস্তাম্বুলে ফুবি একাডেমি নর্ম দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান একটি গ্রান্ডমাস্টার নর্ম অর্জন করেছেন। ৯ খেলায় ৭ পয়েন্ট পাওয়ায় তিনি জিএম নর্ম অর্জনের সকল শর্ত পূরণ করেছেন। জিএম নর্ম পাওয়ার পাশাপাশি ফাহাদ টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছেন।
তুরস্কের ইস্তাম্বুল থেকে ফাহাদ রহমান বলেন, 'দেড় বছরের বেশি সময় ধরে আরেকটি গ্র্যান্ডমাস্টারের নর্ম করার জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। দেশ-বিদেশে অনেক টুর্নামেন্ট খেলেছি। এই তুরস্কেই গত টুর্নামেন্টে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস করে। এই টুর্নামেন্টে শেষ রাউন্ডে নর্ম অর্জন করতে পারায় বেশ তৃপ্ত লাগছে। একটা সফল মিশন শেষ করে আগামীকাল দেশে ফিরব।'
গ্র্যান্ডমাস্টার হতে তিনটি জিএম নর্ম ও ২৫০০ রেটিং প্রয়োজন। ফাহাদের বর্তমানে দু'টি জিএম নর্ম ও রেটিং পয়েন্ট ২৪৫০। ২০২৪ সনের মার্চ মাসে ভিয়েতনামে অনুষ্ঠিত হ্যানয় গ্র্র্যান্ড মাস্টারস দাবা হতে তিনি প্রথম গ্র্যান্ড মাস্টারের নর্ম করেন। বর্তমান ফর্ম থাকলে এই বছরের মধ্যেই জিএম হওয়ার আশা করছেন ফাহাদ, 'এখন মোটামুটি ভালো ফর্মে রয়েছি। আরো কয়েকটি টুর্নামেন্ট খেলতে পারলে নর্ম দ্রুতই পেতে পারি। এই মাসের ২৭ তারিখ মঙ্গোলিয়া যাওয়ার জন্য টিকিট করা আছে। এখন নির্ভর করছে ভিসা পাওয়ার উপর।'
আজ অষ্টম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪২৪) ইরানের ২৪৫৩ রেটিং প্রাপ্ত আন্তর্জাতিক মাস্টার পোউর আগা বালা আমিররেজাকে পরাজিত করেন। নর্ম পেতে শেষ রাউন্ডে ড্র প্রয়োজন ছিল ফাহাদের। জর্জিয়ার আন্তর্জাতিক মাস্টার নিগালিদজে গাইওজের সাথে ড্র করেন ফাহাদ। সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার গাইওজের সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ১০ চালের মাথায় ড্র করেন। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে বাংলাদেশ, জর্জিয়া, হাঙ্গেরি, ইরান, পোল্যান্ড ও তুরস্কের ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৪ জন আন্তর্জাতিক মাস্টার, ২ জন ফিদে মাস্টার ও ১ জন ক্যান্ডিডেট মাস্টারসহ মোট ১০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাকিজা গ্রুপ আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানকে আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করে।
বাংলাদেশে পাঁচ জন গ্র্যান্ডমাস্টার হয়েছেন। পাঁচ জনের মধ্যে একমাত্র নিয়াজ মোর্শেদই কেবল দাবায় সক্রিয়। সবচেয়ে বেশি দাবা নিয়ে ব্যস্ত থাকা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ২০২৪ সালে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ খেলতে খেলতে মৃত্যুবরণ করেন। গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার পেশাগত কাজে ব্যস্ত আর আব্দুল্লাহ আল রাকিব দাবা থেকে দূরে অনেক দিন। এনামুল হোসেন রাজীব স্ত্রীর উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ডে অবস্থান করছেন।