২০ মে, ২০২৬
২৫ মে ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। বাংলাদেশ বিগত দুই আসরের চ্যাম্পিয়ন। এবার ঋতুপর্ণাদের হ্যাটট্রিক মিশন। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে ঋতুপর্ণাদের দুই সপ্তাহ থাইল্যান্ডের ব্যাংককে ক্যাম্প করিয়েছে বাফুফে। আগামীকাল ব্যাংকক থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল।
থাইল্যান্ডে দুই সপ্তাহরে ক্যাম্প নিয়ে ঋতুপর্ণা চাকমা বলেন, 'এখানে অনেক তীব্র তাপে, রোদে ট্রেনিং করেছি। খেলোয়াড়রা সবাই প্রস্তুত। এখানে আমরা যে দুইটা ম্যাচ খেললাম, এটা আমাদের টুর্নামেন্টের জন্য একটা বড় প্রভাব ফেলবে।' হ্যাটট্রিক শিরোপা জিততে দোয়াও চান তিনি, 'দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া, আমাদের যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন, এটা যেন আমাদের আগামীতে দেন; এভাবে সমর্থন দিয়ে যাবেন। আমরা দেশবাসীকে নিরাশ করব না।'
বাংলাদেশ ফুটবল দলের বৃটিশ হেড কোচ পিটার বাটলার। তিনি এই দুই সপ্তাহের অনুশীলন ও প্রস্তুতি মূল্যায়ন করেছেন এভাবে, 'বাফুফের সদস্যদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং কৃতজ্ঞ যে, তারা অনেক কষ্ট করে আমাদের এই ক্যাম্পটি করার সুযোগ করে দিয়েছেন। এই ক্যাম্পটি যেন এক ঝলক তাজা বাতাসের মতো। আপনি এখান থেকে কিছু ভালো দিকও পাবেন, আবার কিছু মন্দ দিকও পাবেন। আর এটা তো চিরন্তন সত্য যে, আপনি ভালো দিকগুলোর চেয়ে খারাপ দিকগুলো থেকেই বেশি কিছু শিখতে পারবেন। তাই সংক্ষেপে বলতে গেলে-দারুণ হয়েছে ক্যাম্প। আশা করি, সামনে আমাদের আরও এই ধরনের ক্যাম্প হবে।'
২৮ জুন মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। ৩১ জুন মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ ৩ জুন সেমিফাইনাল খেলবে। ৬ জুন টুর্নামেন্টের ফাইনাল।