২০ মে, ২০২৬
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৩০ জন রোগী ভর্তি হয়েছেন। বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম।
মারা যাওয়া শিশুরা হলো—পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. মনিরুজ্জামানের সাড়ে চার মাস বয়সী সন্তান আলী আজগর এবং পটুয়াখালী সদর উপজেলার হাজীখালী এলাকার রাহাত গাজীর সাড়ে তিন মাস বয়সী সন্তান মুয়াজ গাজী।
আলী আজগরকে গত ১৭ মে এবং মুয়াজ গাজীকে ১৮ মে হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১৩৩ জনের।
এর মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩০ জন। এখন পর্যন্ত বিভাগে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৬ হাজার ৮৩ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৮৯ জন।
এছাড়া মৃতদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, ভোলায় ৬ জন, বরগুনায় ৫ জন এবং ঝালকাঠিতে ২ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, হাম একটি ভাইরাসজনিত রোগ। হাম হলে রোগীরা বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়, যার মধ্যে নিউমোনিয়া অন্যতম। আক্রান্তরা দেরিতে হাসপাতালে আসার কারণে নিউমোনিয়া জটিল আকার ধারণ করে। ফলে অনেক ক্ষেত্রে শিশুদের বাঁচানো সম্ভব হয় না।
তিনি আরও বলেন, শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।