২১ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি )। ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। একই সঙ্গে ২০ মে থেকে ৪ জুন পর্যন্ত সব প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার-২০২৬ অনুযায়ী এই দীর্ঘ ছুটিকালে নিরাপত্তা ও জরুরি সেবার আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা যথারীতি দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা পাওয়া গেলে চাকরি শৃঙ্খলা বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
এছাড়া, ছুটি শেষে প্রথম কর্মদিবসে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও অনুপস্থিতির তথ্য কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও ছুটির মধ্যেই দুটি গুরুত্বপূর্ণ দিবস সীমিত পরিসরে উদযাপন করা হবে। এর মধ্যে আগামী ২৫ মে সকাল ১০টায় নজরুল জন্মজয়ন্তী-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। এ সময় ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, প্রক্টোরিয়াল বডি ও দপ্তর প্রধানসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
তবে নজরুল জন্মজয়ন্তীর মূল আয়োজন আগামী ২৪ ও ২৫ জুন ক্যাম্পাস খোলার পর অনুষ্ঠিত হবে।
এছাড়া, আগামী ৩ জুন ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে সীমিত পরিসরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ ও মিষ্টি বিতরণের আয়োজন করা হবে। পূর্ণাঙ্গ অনুষ্ঠানমালা ছুটি শেষে আয়োজন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।