সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

২১ মে, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. হারুন (৫৪) ও মো. হাসান (১৫)। এছাড়া রেললাইনের পাশ থেকে আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. হারুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়।

অন্যদিকে ছোট কুমিরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মো. হাসান (১৫) নিহত হয়।

সে মিরসরাই উপজেলার মির্জাবাজার দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র ছিল। মিরসরাই থেকে ঘুরতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সে ছিল বলে জানা যায়। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় সে গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল হক জানান, পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

এদিকে বাড়কুণ্ড এলাকার মুছা কলোনির কাছে রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, মরদেহটির পরিচয় শনাক্ত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হতে পারে।