২১ মে, ২০২৬
বগুড়ায় চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইসতিয়াক আহমেদ (২৪) নামের বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) ভোর ৬টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ মহাস্থান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইসতিয়াক আহমেদ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্ধা গ্রামের আসাদুজ্জামানের ছেলে। তিনি বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসটি মহাস্থান ওভারপাস ব্রিজ পার হয়ে মৎস্য আড়তের কাছে পৌঁছালে সামনে থাকা একটি চলন্ত ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে চাপা পড়ে সুপারভাইজার ইসতিয়াক আহমেদ ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি জব্দ করেছে।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।