বুড়িগঙ্গা থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার

২২ মে, ২০২৬

বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা ব্রিজের নীচ থেকে অজ্ঞাতপরিচয়ের (৬৫) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ পুলিশ। নিহতের পরনে শাড়ি কাপড় রয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, স্থানীয়রা ওই বৃদ্ধাকে বিকেল ৩টার দিকে পোস্তগোলা ব্রিজের উপর থেকে পানিতে লাফ দিতে দেখেছে। এরপর থেকেই মহিলাটি নিখোঁজ ছিল। পরে রাতে খেয়া নৌকায় করে স্থানীয় লোকজন পারাপারের সময় লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশের ধারণা, নিহত নারী হয়ত পাগল, না হয় পারিবারিক কোনো ঝামেলায় নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। তবে বৃদ্ধার পরিচয় পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত তথ্য জানা যাবে।

এ বিষয়ে পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি।