২২ মে, ২০২৬
দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও স্কুল অ্যান্ড কলেজ) নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং সেখানে প্রয়োজনীয় তথ্য নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একইসঙ্গে জাতীয় তথ্য বাতায়নের আওতাধীন মাঠ পর্যায়ের সব শিক্ষা অফিসকেও আগামী ৪ জুনের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করে একটি নির্দিষ্ট গুগল ফরমে তথ্য জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় তথ্য বাতায়নের অধীনে মাউশির আওতাধীন আঞ্চলিক কার্যালয়, জেলা, উপজেলা ও থানা শিক্ষা অফিস এবং অধীনস্থ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইট চালু থাকলেও সেগুলোতে প্রয়োজনীয় তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না। এছাড়া, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট তৈরি ও হালনাগাদকরণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতিটি দপ্তরের ওয়েবসাইটে কর্মরত কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর, টেলিফোন নম্বর ও ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় কনটেন্টসমূহ নিয়মিত দৃশ্যমান ও হালনাগাদ থাকা বাধ্যতামূলক। কিন্তু মাঠ পর্যায়ের অনেক অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়মিত আপডেট করছে না, যা অত্যন্ত জরুরি ও আবশ্যকীয় বিষয়।
এই পরিস্থিতিতে, আগামী ৪ জুনের মধ্যে মাউশির আওতাধীন সব আঞ্চলিক, জেলা ও উপজেলা অফিস এবং সরকারি-বেসরকারি স্কুল ও কলেজসমূহকে তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি অথবা বিদ্যমান ওয়েবসাইট হালনাগাদ নিশ্চিত করতে হবে।
ওয়েবসাইট প্রস্তুত ও হালনাগাদ করার কাজ শেষ করে একটি নির্ধারিত গুগল ফরম লিংকে (https://forms.gle/RbTAqoNqi3FVdg5u7) ক্লিক করে সেই সংক্রান্ত তথ্য সাবমিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মাউশি কর্তৃপক্ষ।