২২ মে, ২০২৬
পাবনার ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমানের ওপর হামলার ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
শুক্রবার ভোরে উপজেলার দাশমরিচ গ্রামে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- উপজেলার খানমরিচ ইউনিয়নের দাশমরিচ গ্রামের আয়নাল হোসেন (৬০) ও তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে) রাত ৯ টার দিকে খানমরিচ ইউনিয়নের কালিনজিরা ব্রিজের ওপর জিল্লুর রহমানের ওপর একদল দুর্বৃত্ত হঠাৎ হামলা চালায়। হামলায় তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন।
এ ঘটনার পর ভাঙ্গুড়া থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার বাবা-ছেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শুক্রবার বেলা ১১টার দিকে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে