২২ মে, ২০২৬
রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতা করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, ধানমন্ডি-৩২ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে এবং শেরেবাংলা নগর এলাকায় আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে উপজেলা পর্যায়ের যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা রয়েছেন।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা ঝটিকা মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অন্যদিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিলের চেষ্টা করছিলেন। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।