২২ মে, ২০২৬
সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে ইমন আচার্য্য নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর কোতোয়ালী থানা ও কিনব্রিজের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। পরে ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার(গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, দুপুরে কোতোয়ালী থানা পুলিশ একজন ছিনতাইকারী ধরতে গেলে, সে পালানোর চেষ্টা করে।
এসময় র্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীকে ঝাপটে ধরার চেষ্টা করেন। ছিনতাইকারী এ সময় ইমনের বুকের বামপাশে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ সুপার আরও জানান, ইমন আচার্য্যকে ছুরিকাঘাতের পর ছিনতাইকারী আসাদুল আলম বাপ্পীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে। তাকে কোতোয়ালী থানা হাজতে রাখা হয়েছে