পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় অভিযোগ

২২ মে, ২০২৬

পুরনো একটি পোস্টকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন টলিউডের দুই জনপ্রিয় তারকা পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন সহিংসতায় উস্কানি ও রাজনৈতিক হিংসা ছড়ানোর অভিযোগে দুই তারকার বিরুদ্ধে কলকাতার গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী জয়দীপ সেন।

২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন অভিনেতা পরমব্রত সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস হিসাবে ঘোষিত হোক।’ পরবর্তীতে সেই পোস্টটি  নিজের ফেসবুল ওয়ালে শেয়ার করে অভিনেত্রী স্বস্তিকা লিখেছিলেন, ‘হাহাহা হোক হোক।’ 

অভিযোগকারী আইনজীবী জয়দীপ সেন মনে করেন, সমাজের প্রভাবশালী ও খ্যাতনামা ব্যক্তিরা যখন এই ধরনের মন্তব্য করেন তখন রাজনৈতিক হিংসাকে আরও উৎসাহিত করে। সে সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা হামলার শিকার হচ্ছিলেন। এমনকি বেলেঘাটায় অভিজিৎ সরকার নামের এক যুবক হত্যার শিকার হয়েছিল। উত্তপ্ত পরিস্থিতিতে তারকাদের মন্তব্যগুলো উস্কানিমূলক ছিল দাবি করে আইনজীবী জানান, এমন আচরণ ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। ঘটনার একটি পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এর আগে বিজেপির বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারিও পরমব্রতের বিতর্কিত পোস্টটি নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছিলেন। অভিযোগের জবাবে অভিনেতা বলেছিলেন, “অন্য কেউ এই ধরনের প্রশ্ন করলে উত্তর দিতাম না। তরুণজ্যোতি তিওয়ারি জনগণের রায়ে নির্বাচিত একজন জনপ্রতিনিধি, সেই পদকে সম্মান জানিয়ে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। আমি ২০২১ সালে ওই টুইট করেছিলাম কারণ ২০২১ সালে নিবার্চনের আগে মাননীয় শ্রী দিলীপ ঘোষ শিল্পীদের প্রসঙ্গে একটি কথা বলেছিলেন, ‘শিল্পীদের একটু রগড়ে দিলেই হয়।’ সকলেই জানেন আমি কতটা ভালো রগড়াই৷ এই কথায় একজন শিল্পী হিসাবে আমি অপমানিত বোধ করেছিলাম। তাই ২০২১ সালে নির্বাচনে বিজেপির পরাজয়ের পরে আমি টুইটটি করেছিলাম।”