সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ওমান প্রবাসী যুবক নিহত

২২ মে, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ রায়হান (২৬) নামে এক ওমান প্রবাসী যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় মোটরসাইকেলের অন্য আরোহী আহত হয়েছেন। নিহত রায়হান ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া এলাকার বাসিন্দা।  

শুক্রবার সীতাকুণ্ড থেকে ফটিকছড়ি আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রায়হানের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। অসুস্থ মাকে দেখার জন্যই তিনি সম্প্রতি ওমান থেকে দেশে এসেছিলেন। বৃহস্পতিবার সীতাকুণ্ডে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফটিকছড়িতে ফেরার কথা ছিল।

পথিমধ্যে জুমার নামাজের সময় হলে সীতাকুণ্ডের গফুর শাহ জামে মসজিদের দিকে যাওয়ার সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে।  

স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্য যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।