২২ মে, ২০২৬
বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবির সদস্যরা। এ সময় ডিবির এক কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
আহত কনস্টেবল মৃনাল চন্দ্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন আরিফ মোল্লা, শামীম মোল্লা, মুনসুর মোল্লা, মো. আলাউদ্দিন। তাদের বাড়ি উপজেলার হানুয়া এলাকায়।
বরিশাল জেলা ডিবি পুলিশ পরিদর্শক শেখ এহতেশামুল ইসলাম জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে সাত সদস্যের একটি দল উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় আরিফ মোল্লার নেতৃত্বে একটি দল অভিযানে বাধা দেয়।
একপর্যায়ে ডিবি সদস্যদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এক পর্যায়ে আরিফ মোল্লা তার কাছে থাকা মাদকের একটি পোটলা পাশের পুকুরে ফেলে দেয়। পরে কনস্টেবল মৃনাল চন্দ্র পুকুর থেকে মাদক উদ্ধার করতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অভিযুক্ত চারজনকে আটক করে।
এ ঘটনায় ডিবির এসআই আরসেল বাদী হয়ে পুলিশের ওপর হামলা, গুরুতর ও সাধারণ জখমের অভিযোগে মামলা করেছেন।
উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে এবং আটক চারজনকে আইনের আওতায় আনা হয়েছে।