নকল মোড়কে সয়াবিন তেল, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২৩ মে, ২০২৬

বারহাট্টায় খোলা সয়াবিন তেল ‘বোরাক’ নামের নকল মোড়কে বোতলে ভরে প্রক্রিয়াজাত করায় কাজল কুন্ড (৩৭) নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২২ মে) বিকেলের দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম উপজেলার দেউলী নতুনবাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম, পুলিশ সদস্য ও অন্যরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত কাজল কুন্ড ওই উপজেলার সাহতা ইউনিয়নের যতীন্দ্র কুন্ডের ছেলে ও দেউলী নতুনবাজারের একজন ব্যবসায়ী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি চম্পক দাম জানান, শুক্রবার বিকেলে গোপনসূত্রে খবর পাওয়া যায়, নতুনবাজারের কাজল কুন্ড তার গুদামে খোলা সয়াবিন তেল ‘বোরাক’ নামের নকল মোড়কে ভরে বাজারজাত করার প্রস্তুতি গ্রহণ করেছে।

পুলিশের দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা পায়। পরে প্রশাসনের কাছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আবেদন জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম ঘটনাস্থলে আসেন। কাজল কুন্ডকে জরিমানা ছাড়াও তার গুদামের নকল কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়েছে।