২৩ মে, ২০২৬
নীলফামারীর ডোমারে ট্রাক ও যাত্রীবাহী ‘মিথিলা গাড়ি’র (এক ধরনের স্থানীয় যানবাহন) মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সোনারায় বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম (৩৮) এবং মাহিগঞ্জ এলাকার অকীন্দ্র চন্দ্র রায়ের ছেলে পথচারী বিকাশ চন্দ্র (২৫)।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দেবীগঞ্জ থেকে নীলফামারীগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ডোমারগামী একটি মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম মারা যান।
সংঘর্ষের পর দুর্ঘটনাকবলিত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী বিকাশ চন্দ্রকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকাশকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ডোমারথানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ডোমার থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত যান দুটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।