২৬ জুন, ২০২১
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকটি করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৫৫২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪ হাজার ৩৭৯ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ২৪ হাজার ৯৭২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৫৬১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ২৮২ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৬৭২ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৫১২ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি এক লাখ ৮২ হাজার ৪৬৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৯৪ হাজার ৫২৪ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৮৩ লাখ ২২ হাজার ৭৬০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১১ হাজার ২৭২ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৬৬৬ হাজার ৩১৫ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ১০ হাজার ৯৩৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।