ঝিনাইদহ-৪ আসনকে আধুনিক ও জনবান্ধব মডেল করা হবে: এমপি আবু তালিব

২৩ মে, ২০২৬

ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার চলমান উন্নয়ন, জনকল্যাণমূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) মো. আবু তালিব।

তিনি বলেন, জনগণের সহযোগিতা ও সবার ইতিবাচক ভূমিকা থাকলে ঝিনাইদহ-৪ আসনকে একটি আধুনিক ও জনবান্ধব মডেল এলাকায় রূপান্তর করা সম্ভব।

 শনিবার (২৩ মে) বেলা ১১টায় কালীগঞ্জের সুপার লাক্সারী ডাইনে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– দৈনিক কালের কণ্ঠ-এর কালীগঞ্জ প্রতিনিধি নয়ন খন্দকার, সমকালের জামির হোসেন, সাংবাদিক সোহেল আহম্মেদ, শাহাজাহান আলী সাজু, হুমায়ুন কবীর ও এনামুল হক সিদ্দিক প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– জেলা জামায়াতে ইসলামীর প্রশিক্ষণ কর্মকর্তা মাওলানা ওলিয়ার রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি লুৎফর রহমান ও জামায়াত নেতা ইকবাল হুসাইন, শরীক দল এলডিপি নেতা আশরাফুজ্জামান প্রমুখ। 

লিখিত বক্তব্যে এমপি আবু তালিব বিভিন্ন মেগা প্রকল্পের বিবরণ তুলে ধরেন।

তিনি জানান, কাঁচা রাস্তা কার্পেটিংয়ের জন্য প্রায় ৩০ কোটি টাকা সরকারি বরাদ্দ পাওয়া গেছে, যা দিয়ে ২৫-২৬ কিলোমিটার রাস্তার উন্নয়ন হবে। এছাড়া মঙ্গলপৈতা এলাকায় ১২ কিলোমিটার নদী ও ২১টি খাল খননের অনুমোদন হয়েছে। চিত্রা নদীর পাড় বাঁধাই করে কালীগঞ্জ শহরে আধুনিক বিনোদন কেন্দ্র গড়ার পরিকল্পনা চলছে।

গ্রামীণ অবকাঠামো ও ধর্মীয় প্রতিষ্ঠানের কথা তুলে ধরে তিনি বলেন, টিআর, কাবিখা ও কাবিটার আওতায় ৫৫ লাখ টাকা এবং ৪০ টন খাদ্যশস্য বরাদ্দ পাওয়া গেছে, যা দিয়ে ৪০টি প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে।

পাশাপাশি ১৬০টি মসজিদ, মন্দির, কবরস্থান, ঈদগাহ ও শ্মশানের প্রতিটিতে ন্যূনতম ৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ১৭টি মাদরাসা, ৩৫টি মাধ্যমিক ও ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪তলা ভবন নির্মাণ ও সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে।

 এছাড়া কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং ১০ শয্যার শিশু হাসপাতালটি পূর্ণাঙ্গ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল, ব্যক্তিগত ও বিভিন্ন সংস্থার সহযোগিতায় ১০ লাখ টাকা, ৭০০টি শাড়ি, ২২০টি লুঙ্গি এবং ৩০০টি ফুড প্যাক বিতরণ করা হয়েছে।

এমপি আবু তালিব বলেন, বিরোধী দল হিসেবে আমরা সরকারের সব ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা দিয়ে যাচ্ছি।

তিনি এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।