মৌলভীবাজারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

২৩ মে, ২০২৬

মৌলভীবাজারের জুড়ীতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজা এবং ১৫টি গাঁজার গাছসহ চন্দন চাষা (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার নয়াটিলা এলাকা থেকে তাকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির সদস্যরা চন্দন চাষার বসতঘর ঘেরাও করেন। পরে তার ঘর ও আঙিনা তল্লাশি চালিয়ে কাগজে মোড়ানো ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে বসতঘরের সামনের আঙিনায় চাষ করা ৩ থেকে ৫ ফুট উচ্চতার ১৫টি গাঁজার গাছ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত চন্দন চাষা স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। এ ছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে ডিএনসি।