২৪ মে, ২০২৬
কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছিল সৌদি আরব। আর্জেন্টিনাকে গ্রুপের প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছিল তারা। ২-১ ব্যবধানের সেই জয়ের নায়কদের নিয়ে আসন্ন বিশ্বকাপের জন্য ৩০ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে দলটি।
লুসাইলে সেদিন লিওনেল মেসির গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ায় সৌদি আরব। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের মধ্যে দুটি গোল করেন সালেহ আল শেহরি ও সেলিম আল দাওসারি। এই দুজন নতু্ন আসরের স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। আর্জেন্টিনার বিপক্ষে পাঁচ সেভে ম্যাচসেরা হওয়া গোলকিপার মোহাম্মদ আল ওয়াইস যাচ্ছেন যুক্তরাষ্ট্রে।
এছাড়া ওই ম্যাচের একাদশে থাকা সৌদ আব্দুলহামিদ, হাসান আল তোম্বাক্তি, মোহাম্মদ কান্নোকে রেখেছেন কোচ জর্জিওস দনিস।
টানা দুই আসরে একটি করে জয় পাওয়া সৌদি আরব এবারও জায়ান্ট বধের লক্ষ্যে নামবে। আগামী ১৫ জুন মায়ামি স্টেডিয়ামে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। একই গ্রুপে রয়েছে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, যাদের বিপক্ষে ম্যাচ ২১ জুন। ২৬ জুন তারা শেষ গ্রুপ ম্যাচ খেলবে নবাগত কেপ ভার্দের সঙ্গে। তাদের শেষ দুটি ম্যাচের ভেন্যু আটলান্টা স্টেডিয়াম ও হাউস্টন স্টেডিয়াম।
সৌদি আরবের স্কোয়াড
গোলরক্ষক: আহমেদ আল কাসার, মোহাম্মদ আল ওয়াইস, নাওয়াফ আল আকিদি এবং আব্দুলকুদ্দুস আত্তিয়া।
ডিফেন্ডার: সৌদ আব্দুলহামিদ, মোহাম্মদ আবু আল শামাত, খালিদ আল ঘান্নাম, মোতেব আল হারবি, আব্দুলইলাহ আল আমরি, নাওয়াফ বুশাল, জাকারিয়া হাওসাউই, হাসান কাদেশ, আলী লাজামী, আলী মাজরাশি, হাসান তামবাক্তি এবং জেহাদ থিকরিকে।
মিডফিল্ডার: নাসের আল দাওসারী, আলা আল হাজ্জি, জিয়াদ আল জোহানি, মুসাব আল জুওয়ায়র, আব্দুল্লাহ আল খাইবারি, সালেহ আবু আল শামাত, মোহাম্মদ কান্নো, সুলতান মান্দাশ এবং আয়মান ইয়াহয়াহ।
ফরোয়ার্ড: ফেরাস আল ব্রিকান, সালেম আল দাওসারী, আব্দুল্লাহ আল হামদান, আব্দুল্লাহ আল সালেম এবং সালেহ আল শেহরি।