ইটনায় ধনু নদীতে শিশু নিখোঁজ, তল্লাশি চালাচ্ছে ডুবুরিদল

২৪ মে, ২০২৬

কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে পড়ে দেবরাজ বর্মণ (৩) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটির সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। শনিবার সকালে ইটনা সদর ইউনিয়নের বনভাঙ্গা আবাসন গ্রামের ধনু নদীতে ঘটনাটি ঘটে। নিখোঁজ দেবরাজ বর্মণ বনভাঙ্গা আবাসন গ্রামের লেবু বর্মণের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১ টার দিকে শিশুটিকে নিয়ে তার দাদী ধ্রুপতি বর্মণ বাড়ির পাশে ধনু নদীর তীরে ধানের খলায় কাজ করতে যান। কোনো একসময় সকলের অগোচরে শিশুটি পানিতে পড়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল গিয়ে তল্লাশি শুরু করে। বিকাল পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এরপরও চেষ্টা অব্যাহত রয়েছে।