২৪ মে, ২০২৬
সিলেটে বিশ মাস বয়সী কন্যাসন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন স্বামী। শনিবার সিলেট মহানগরীর জালালাবাদ থানায় মামলাটি দায়ের করেন পুরান কালারুকা গ্রামের আমির আলী। হত্যাকাণ্ডের পরপর শিশুকন্যা মাইমুনা জান্নাত তোহার মা সুবিনা বেগমকে আটক করেছিল পুলিশ। শনিবার ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব জানান, নিজের শিশুসন্তানকে কেন হত্যা করেছে এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও মা সুবিনা বেগম কোন জবাব দেয়নি। ফলে হত্যাকান্ডের নিশ্চিত কোন রহস্য উদঘাটন সম্ভব হয়নি। জিজ্ঞাসাবাদে সুবিনা অসংলগ্ন কথাবার্তা বলেছে।
শুক্রবার ফজরের সময় আমির আলী স্ত্রী সুবিনা বেগমকে ডেকে তুলে নামাজ পড়ার কথা বলে মসজিদে চলে যান। নামাজ পড়ে এসে দেখেন ঘরের মধ্যে শিশু তোহার রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তিনি মসজিদে থাকাবস্থায় স্ত্রী সুবিনা নিজেই বটি দা দিয়ে শিশুটিকে গলা কেটে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘাতক মা সুবিনাকে আটক করে থানায় নিয়ে যায়।