২৪ মে, ২০২৬
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী কড় সাজ্জাদের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৩০ রাউন্ড গুলি ও শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির উপপুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো.হাবিবুর রহমান প্রাং।
শনিবার সিএমপি কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রাউজান উপজেলার আধার মানিক এলাকার মো. শুভ (২২) ও কদলপুর শমসেরপাড়া এলাকার মো. সুমন (৩৩)।
উপপুলিশ কমিশনার হাবিবুর রহমান প্রাং বলেন, শুক্রবার রাতে চান্দগাঁও পাঠানিয়া গোদা গোলাম আলী নাজির সড়কেরই একটি বাড়িতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের অস্ত্রধারী সহযোগী মো. শুভ ও মো. সুমনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে শুভর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া সুমনের কাছ থেকে আরেকটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন ও একটি খালি ম্যাগাজিন জব্দ করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছে, তারা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। সাম্প্রতিক সময়ে নগরের চন্দনপুরা এলাকায় চাঁদাবাজির জেরে স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়া বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় যুবক রাজু হত্যাকাণ্ডেও তাদের জড়িত থাকার তথ্য মিলেছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে রাউজান থানায় পৃথক হত্যা মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় চান্দগাঁও থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।