ঈদে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ফায়ার সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থা

২৪ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহায় মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

জানা যায়, মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে ২১ মে বৃহস্পতিবার  থেকে ডুবুরি টিমের ডিউটি শুরু হয়েছে। যা ৪ জুন বৃহস্পতিবার পর্যন্ত কার্যক্রম চলবে। জরুরি প্রয়োজনে সেবা নিতে ফায়ার সার্ভিসের হট লাইন নম্বর ১০২ প্রচার করা হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌ পথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নৌপথে যাত্রী চলাচল বেড়ে যাওয়ায় সম্ভাব্য দূর্ঘটনা মোকাবিলায় মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে প্রশিক্ষিত ডুবুরি টিম প্রস্তুত রাখা হয়েছে।   

তিনি আরও জানান, যেকোন জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আমাদের ডুবুরি টিম সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। যাত্রীদের লাইফ জ্যাকেট ব্যবহার করা, লঞ্চে উঠানামার সময় তাড়াহুড়ো না করা, অতিরিক্ত ভিড় এড়ানো এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।