২৪ মে, ২০২৬
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। এ সময় ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৪ মে) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ ও অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ ও ২৪মে মেহেরপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ মে বিকেল ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রংমহল মাঠে বিশেষ অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষ্মীনারায়নপুরধলা গ্রামের আলো হোসেন (১৯) নামে এক যুবককে ১৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৫ হাজার ৪০০ টাকা।
এছাড়া একই দিন রাত সাড়ে ১১টার দিকে কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৪ এমপির কাছাকাছি কাথুলী মাঠে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে পরে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
অপরদিকে, ২৩ মে দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর ব্রিজ মোড়ে আরেকটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল মদ, ১০ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২৫ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করে বিজিবি। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ ৭৫ হাজার টাকা। জব্দ করা পণ্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮ লাখ ৮০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।