২৪ মে, ২০২৬
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আকাশে সামরিক মহড়া পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।মহড়ায় দুটি এমভি-২২বি অসপ্রে আকাশযানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, এই মহড়ার বিষয়ে আগে থেকেই তাদের অনুমতি ছিল। সরকারের দাবি, চিকিৎসা জরুরি পরিস্থিতি ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবেই এই সামরিক অনুশীলন পরিচালিত হয়েছে।
তবে রাজধানীর বাসিন্দাদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, শহরের আকাশে বিদেশি সামরিক উড়োজাহাজের উপস্থিতি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই বিষয়টিকে অস্বাভাবিক হিসেবে দেখছেন এবং এর পেছনে ভিন্ন কোনো ইঙ্গিত রয়েছে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
সরকারি সূত্র আরও জানিয়েছে, মহড়ার সময় রাজধানীর আশপাশের এলাকাতেও কিছু মার্কিন সামরিক তৎপরতা দেখা গেছে।
যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এসব কার্যক্রম আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার অংশ।
ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার দীর্ঘদিনের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সামরিক মহড়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।