২৪ মে, ২০২৬
কুমিল্লার লাকসামে ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে। ঘটনায় অভিযুক্ত আবদুর রশিদ ঘটনার পর থেকে আত্মগোপনে আছেন বলে জানিয়েছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলি।
স্থানীয়রা জানান, শিশুটির পরিবার খুবই দরিদ্র।
শনিবার দুপুরে শিশুটির মা-বাবা দুইজনেই কাজে ছিলেন। এ সময়ে ঘরে ঢুকে শিশুটিকে যৌন নিপীড়ন করেন আবদুর রশিদ। এমন সময় হঠাৎ শিশুটির মা ঘরে ঢুকলে রশিদ দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
সন্ধ্যায় শিশুটিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল।
পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নিতে বলেন। কিন্তু পরিবার শিশুটিকে সেখানে না নিয়ে বাড়িতে ফিরে যান।
শিশুটির বাবা বলেন, ‘এলাকার লোকজন বলছে বিচার করে দিবে, এ জন্য আর মামলা করতে চাই না। তারা যদি ভালো করে বিচার করে দেয়, তাহলে চলবে।
একই গ্রামে থাকি, এলাকার লোকজনের বাইরে যাব কীভাবে?’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অন্তত দুইজন ব্যক্তি বলেন, ঘটনার পর স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ঘটনাটি মীমাংসা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ ওসি কাজী কামরুন্নাহার লাইলি জানান, ‘শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। কিন্তু জড়িত ব্যক্তি এলাকা থেকে আত্মগোপনে আছেন। মামলা হয়েছে।
আমরা আইনগত ব্যবস্থা নেব। ’