২৪ মে, ২০২৬
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৃথক দুই ঘটনায় দুজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। উপজেলার ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে রবিবার (২৪ মে) দুপুরে ভিন্ন সময়ে এসব হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা ইউসুফ শরীফকে (৩৫) তার বাড়ির পাশে রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
নিহতের ভাই অভিযোগ করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় আরাফাত শরীফ তার ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে।
অন্যদিকে, একই দিন দুপুর ১২টার দিকে উপজেলার ৬ নম্বর টিকিকাটা ইউনিয়নে কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুমকে (২৬) দেশীয় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তবে এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউসুফ শরীফ হত্যার ঘটনায় অভিযুক্ত আরাফাত শরীফ তার আত্মীয়।
জমি বিরোধ ছাড়াও পারিবারিক বিরোধ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এছাড়া নিহত ইউসুফের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ইউসুফ শরীফ হত্যা মামলায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পরিবারই থানায় মামলা দায়ের করতে আসেনি।