২৪ মে, ২০২৬
হাওর থেকে গরু আনতে গিয়ে নেত্রকোনার মদনে আমিনুল ইসলাম এরশাদ (৬৩) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। রবিবার দুপুরে মদন উপজেলার বাগজান গ্রামের সামনের হাওয়ারে এ ঘটনা ঘটে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কৃষক ওই গ্রামের মৃত এলাই নেওয়াজ খাঁ'র ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাড়ির সামনে ঘাস খাওয়ার জন্য কৃষক আমিনুল ইসলাম এরশাদ গরু রেখে আসেন।
পরে বৃষ্টিপাত শুরু হলে তিনি গরুগুলো বাড়িতে আনতে যান। একপর্যায়ে তিনি বজ্রপাতে আহত হয়ে মাটিতে পড়ে যান।
বৃষ্টি শেষ হলে এলাকার লোকজন অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
পরে তার স্বজনরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাহাতুল ইসলাম ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার জানান, নতুন ইউএনও যোগদান করেছেন। তিনি ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করেছেন